মার্কিন হুমকিতে কড়া বার্তা—‘আত্মসমর্পণ করানো যাবে না’ বললেন ইরানের প্রেসিডেন্ট
মেঘনা নিউজ ডেস্ক
বুধবার সকাল ১১:৫৭, ৬ মে, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী শক্তি প্রয়োগের হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে বশীভূত করা সম্ভব নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করা।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে, সেখানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা এখন অন্যতম বড় বিরোধের ইস্যু হয়ে উঠেছে।


