বিরোধী জোটে নারী আসনের হিসাব চূড়ান্ত, কারা হচ্ছেন এমপি
আরিফুল ইসলাম
সোমবার বিকেল ০৫:১৮, ২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনে বিরোধী জোটের ভেতরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য তাদের প্রাপ্ত ৭৭ আসনের বিপরীতে ১৩টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। এর মধ্যে ৬৮ আসনের অনুপাতে এককভাবে ১২টি আসন পাওয়ার কথা থাকলেও জামায়াত নিচ্ছে ৯টি, বাকি ৩টি জোটের শরিকদের জন্য ছেড়ে দিচ্ছে।
এই তিনটি আসন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম।
জামায়াতের চূড়ান্ত তালিকায় থাকা ৯ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নাহার নিলু। অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ ও প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। এছাড়া জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমও এই তালিকায় স্থান পেয়েছেন।
জোটের শরিকদের মধ্যে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকে মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। দলের আমির আল্লামা মামুনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদে প্রাপ্ত ৬টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী কোটায় একটি আসন পাচ্ছে। এ আসনে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, সংরক্ষিত আসনের মনোনয়ন নির্ধারণে অভ্যন্তরীণ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং কোনো নেতার জন্য আলাদা কোটা রাখা হয়নি। দলের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী আগে এমপি থাকলেও এবার তাকে রাখা হয়নি।
এছাড়া মীর কাসেম আলির মেয়ে সুমাইয়ার নাম আলোচনায় এলেও চূড়ান্ত তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ তার ভাই ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন।
জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের তিনজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।


