দাউদকান্দিতে মাদক নির্মূলে রাতে মাঠে নামলেন ইউএনও, এএসপি ও ওসি
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
রবিবার সকাল ০৯:২৪, ১১ অক্টোবর, ২০২৬
মাদকের ভয়াবহতা রোধে দাউদকান্দির বিভিন্ন এলাকায় মাদকাসক্ত ও মাদক বিক্রেতার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রসংশায় ভাসছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার গোয়ালমারী বাজার ও বলদাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে পাওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী তাঁদের সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার(এএসপি) মো. খলিলুর রহমান এবং দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে দাউদকান্দি উপজেলায় এই প্রথম রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ড প্রদান করায়— সাংবাদিক, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন ও দাউদকান্দি মডেল থানাকে সাধুবাদ জানিয়েছেন।



