আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিনব্যাপী
আরিফুল ইসলাম
বুধবার বেলা ১২:২৫, ১৫ এপ্রিল, ২০২৬
সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষার সূচনা হবে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরে অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিনের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।
তবে দেশের তিন পার্বত্য জেলা— রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব এলাকায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শেষ হবে।
এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


