মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতেই হবে ১৪ কঠোর নির্দেশনা
আরিফুল ইসলাম
সোমবার রাত ০৯:২২, ২০ এপ্রিল, ২০২৬
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। ২০ মে পর্যন্ত চলা এই পরীক্ষায় প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। রুটিন অনুযায়ী এবারও বাংলা বিষয়ের মাধ্যমেই পরীক্ষা শুরু হচ্ছে।
পরীক্ষার রুটিন প্রকাশের সময়ই শিক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে, যা মেনে চলা বাধ্যতামূলক।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা নেওয়া হবে, এর মধ্যে কোনো বিরতি থাকবে না।
প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
এছাড়া পরীক্ষার্থীদের সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—তিনটি অংশেই আলাদাভাবে পাস করতে হবে। নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। তবে শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পত্রিকা ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানানো হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।


