শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি নির্দেশনা: অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে পুল গঠনের নির্দেশ
আরিফুল ইসলাম
সোমবার দুপুর ০১:৩৭, ১৩ এপ্রিল, ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শ্রেণিকক্ষে শিক্ষক সংকট কাটাতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়, যা সই করেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগে বিলম্বের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, উপজেলা পর্যায়ে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠন করতে হবে। এ জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট উপজেলার ইউএনওর পরামর্শে এবং ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে প্রয়োজন অনুযায়ী এই পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।
শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং শিক্ষার মান বজায় থাকে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের জরুরি খাত থেকে প্রদান করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও অনুরোধ জানানো হয়েছে।



