২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া, কালো তালিকায় সবাই
আরিফুল ইসলাম
সোমবার দুপুর ০১:৩৪, ১৩ এপ্রিল, ২০২৬
মালয়েশিয়া থেকে ২৮ জন বাংলাদেশিসহ মোট ১৭৫ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
তারা জানায়, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে আটক অভিবাসীদের নিয়মিতভাবে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। যেসব অভিবাসী তাদের শাস্তির মেয়াদ শেষ করেছেন, তাদের প্রত্যাবাসন নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ওই ডিপো থেকে ফেরত পাঠানো ১৭৫ জনের মধ্যে ইন্দোনেশিয়ার ১৩৬ জন, বাংলাদেশের ২৮ জন, ভারতের ৪ জন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার ২ জন করে এবং ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের একজন করে নাগরিক রয়েছেন।
আটক অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), স্টুলাং লাউত ফেরি টার্মিনাল এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়।
প্রত্যাবাসনের খরচ বিভিন্ন উৎস থেকে বহন করা হয়েছে—কখনো অভিবাসীদের নিজস্ব সঞ্চয়, কখনো পরিবারের সহায়তা, আবার কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতাও নেওয়া হয়েছে।
এদিকে ফেরত পাঠানো সব অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো কারণেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।


