ভোর সাড়ে ৪টায় জরুরি ওষুধের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্বজনের ছোটাছুটি! ২৪ ঘণ্টা খোলা ফার্মেসি ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের
ভোর রাতেও মিলছেনা ঔষধ ও স্বাস্থ্যসেবা! : দাউদকান্দি কি শুধু নামেই শহর?
সেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের
স্টাফ রিপোর্টার
শনিবার দুপুর ০৩:০৬, ১৪ নভেম্বর, ২০২৬
কাগজে-কলমে পৌরসভা, পরিচয়ে শহর। কিন্তু গভীর রাতে জরুরি একটি ওষুধের জন্যও যদি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়, তাহলে সেই শহরের নাগরিক স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমনই এক অভিজ্ঞতার কথা তুলে ধরে কুমিল্লার দাউদকান্দিতে ২৪ ঘণ্টা খোলা ফার্মেসি ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের এক বাসিন্দা ও তরুণ বাজার ব্যবসায়ী মাহবুব বেপারী রনী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ তার ছোট বোনের রক্তচাপ বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শে ওষুধের ব্যবস্থা করতে রাতের অন্ধকারে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়ান তিনি। কিন্তু কোথাও ২৪ ঘণ্টা খোলা ভালো মানের কোনো ফার্মেসি পাননি। জরুরি সময়ে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার এই অভিজ্ঞতা তাকে দাউদকান্দির নাগরিক স্বাস্থ্যসেবা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
ওই পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, দাউদকান্দিকে যদি শহর বলা হয়, তাহলে শহরের মতো ২৪ ঘণ্টা জরুরি স্বাস্থ্যসেবা কোথায়? গভীর রাতে কোনো পরিবারের সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রয়োজনীয় ওষুধের জন্য মানুষ কোথায় যাবে?
তিনি লেখেন, হাসপাতাল মানে শুধু একটি ভবন নয়; হাসপাতাল মানে সার্বক্ষণিক চিকিৎসাসেবা, জরুরি ওষুধের প্রাপ্যতা এবং বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা। অন্তত একটি নির্ভরযোগ্য ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা থাকলে জরুরি মুহূর্তে অনেক মানুষ উপকৃত হবেন।
পোস্টে দাউদকান্দিতে দীর্ঘদিন ধরে নির্মিত একটি হাসপাতাল চালু না হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার প্রশ্ন, হাসপাতালটি এত বছরেও কেন উদ্বোধন ও চালু হচ্ছে না, তার কোনো স্পষ্ট উত্তর এলাকাবাসী জানেন না।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দোষারোপ না করে একজন ভাই এবং দাউদকান্দির সন্তান হিসেবে তিনি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় দায়িত্বশীলদের প্রতি মানুষের জীবন ও জরুরি স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
তার বক্তব্য, একটি জরুরি ওষুধ, একটি সচল ফার্মেসি কিংবা সময়মতো চিকিৎসাসেবা—কখনো কখনো একজন মানুষের জীবন বাঁচাতে পারে।
দাউদকান্দি উপজেলা সদর ও পৌর এলাকায় জনবসতি, ব্যবসা-বাণিজ্য এবং নাগরিক পরিসর বিস্তৃত হলেও গভীর রাতে জরুরি ওষুধের প্রাপ্যতা ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নাগরিকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং ২৪ ঘণ্টা জরুরি ওষুধ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান। এই স্ট্যাটাসে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও তার সঙ্গে দাবি জানান।
তবুও প্রশ্নটি তাই থেকেই যায়—দাউদকান্দি কি শুধু নামেই শহর, নাকি নাগরিক সেবাতেও শহরের পরিচয় ধারণ করবে?



