আলোর দিশারি সমাজকল্যাণ সংঘের মেধাবৃত্তি পরীক্ষা ২১শে নভেম্বর: প্রস্তুতি সম্পন্ন
মেঘনা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার রাত ১০:৩৫, ৫ নভেম্বর, ২০২৬
স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে মেঘনা উপজেলার লক্ষণখোলা (দঃ) আলোর দিশারি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’।
আগামী ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১০:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত ৫১ নং লক্ষণখোলা মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, রাধানগর ইউনিয়নের অন্তর্ভুক্ত মোট নয় টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবারের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের মাঝে পরীক্ষাটিকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এবারের পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ১২৭ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করে মোট ১৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী ৬ জনকে ‘ট্যালেন্টপুল বৃত্তি’ এবং পরবর্তী ১০ জনকে ‘সাধারণ গ্রেড বৃত্তি’ দেওয়া হবে।

কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা করেছে সংগঠনটি। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৩,০০০ (তিন হাজার) টাকা, একটি আকর্ষণীয় ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। পক্ষান্তরে, সাধারণ গ্রেড বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ২,০০০ (দুই হাজার) টাকা, একটি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রণয়ন এবং পরিদর্শক নিয়োগসহ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
আলোর দিশারি সমাজকল্যাণ সংঘের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, “কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করাই আমাদের মূল লক্ষ্য। পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করতে আমরা স্থানীয় সুধীসমাজ ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।” পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেওয়া হবে,ইনশাআল্লাহ।



