দাউদকান্দি উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আলী আজগর সরকার
স্টাফ রিপোর্টার
শনিবার দুপুর ০৩:৫৪, ১৪ নভেম্বর, ২০২৬
বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকার আলোচনা, ওয়ার্ডে ওয়ার্ডে চলছে প্রার্থিতা নিয়ে জল্পনা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর সরকার। বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা পোড় খাওয়া এই নেতাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। তিনি ১৭৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আজোবধি ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলী আজগর সরকার অনেকটা এগিয়ে রয়েছেন বলে মনে করছেন তার সমর্থকরা। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার প্রার্থিতা নিয়ে চলছে আলোচনা। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা এবং প্রতিকূল সময়ে দলের পাশে থাকার বিষয়গুলোকে তার সম্ভাব্য প্রার্থিতার শক্তি হিসেবে দেখছেন অনুসারীরা।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, বিএনপির কঠিন সময়ে নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন আলী আজগর সরকার। বর্তমানে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করায় তৃণমূল পর্যায়ে তার একটি সাংগঠনিক পরিচিতি রয়েছে। এসব কারণে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ইউনিয়ন বিএনপির টানা চারবারের সভাপতির দায়িত্ব পালন করা এই নেতা আলোচনার কেন্দ্রে রয়েছেন।
ইউনিয়নের এক স্থানীয় বাসিন্দা বলেন, “আলী আজগর সরকার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত। তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হলে ভোটের মাঠে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন বলে আমরা মনে করি।”
আরেক স্থানীয় বাসিন্দার ভাষ্য, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। এলাকার উন্নয়ন, রাস্তাঘাট ও সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন—এমন নেতৃত্বই আমাদের প্রত্যাশা।”
তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নির্ভর করবে বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত ও দলীয় মূল্যায়নের ওপর। মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলী আজগর সরকারের নাম আলোচনায় থাকলেও এ বিষয়ে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো আসেনি।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের রাজনৈতিক মাঠে আলী আজগর সরকারকে নিয়ে আগ্রহ বাড়ছে। এখন দেখার বিষয়, তৃণমূলের এই আলোচনা শেষ পর্যন্ত বিএনপির দলীয় মনোনয়নে কতটা প্রভাব ফেলে।



