‘২৫তম সংশোধনী’ ঘিরে ট্রাম্প বিতর্ক: অপসারণ দাবিতে সরব মার্কিন আইনপ্রণেতারা
আরিফুল ইসলাম
মঙ্গলবার দুপুর ০২:৩৫, ৭ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদ থেকে অপসারণের দাবিতে জোরালো অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের একাধিক আইনপ্রণেতা। তারা ট্রাম্পকে সরাতে সংবিধানের ‘২৫তম সংশোধনী’ প্রয়োগের আহ্বান জানিয়েছেন, যা প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের বিধান রাখে।
অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি সর্বশেষ এই দাবিতে সরব হন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ট্রাম্প একটি ভয়াবহ ও অবৈধ যুদ্ধকে আরও উসকে দিচ্ছেন, ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করছেন। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে।’
এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমরও একই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘এটা ঠিক নয়। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন। ইমপিচ করুন। অপসারণ করুন। এই ভারসাম্যহীন উন্মাদ ব্যক্তিকে পদ থেকে সরাতে হবে।’
নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবারিও হ্যাশট্যাগ ব্যবহার করে বলেন, ২৫তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে এবং এ বিষয়ে কংগ্রেস ও মন্ত্রিসভাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এদিকে ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশও ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, তিনি চিরকাল এই দেশ এবং বিশ্বের জন্য কলঙ্ক হয়ে থাকবেন। এখনই ২৫তম সংশোধনী প্রয়োগ করুন।
ডেমোক্র্যাটিক সিনেট সদস্য ক্রিস মারফিও একই সুরে কথা বলেছেন। তিনি এক্সে লিখেছেন, ‘আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে ইস্টারের সময় সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করতাম। এটি সম্পূর্ণ অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন। তিনি ইতোমধ্যে হাজার হাজার মানুষ হত্যা করেছেন। তিনি আরও হাজার হাজার মানুষ হত্যা করবেন।’
উল্লেখ্য, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও নীতিগত অবস্থান ঘিরে মার্কিন রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যার প্রেক্ষিতেই এই সংশোধনী প্রয়োগের দাবি নতুন করে আলোচনায় এসেছে।


