হরমুজ পুরোপুরি বন্ধে আইআরজিসি, নির্দেশ অমান্য করলে গুলি চালানোর হুঁশিয়ারি
আরিফুল ইসলাম
রবিবার দুপুর ০২:৩৫, ১৯ এপ্রিল, ২০২৬
যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি আংশিক খুলে দিলেও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখে আবারও সেটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
তেহরান স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধই থাকবে। রোববার (১৯ এপ্রিল) এ অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ‘নিরাপদ করিডর ও ফি দিয়ে জাহাজ চলাচল’-এর ব্যবস্থাও বাতিল করেছে আইআরজিসি।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ-অবরোধ তুলে না নেবে, ততক্ষণ এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
এর মাধ্যমে আগের অবস্থান থেকে সরে এসেছে ইরান। এর আগে জানানো হয়েছিল, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো প্রণালিটি ব্যবহার করতে পারবে।
আইআরজিসির নৌবাহিনী কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, কোনো জাহাজ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। অন্যদিকে ইরানের দাবি, প্রণালিটির নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে এটি আর খোলা হবে না।


