ঢাকা (বিকাল ৩:০৬) শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

যুদ্ধবিরতি আলোচনা ঘিরে ইসলামাবাদে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার দুপুর ০১:৩৩, ১১ এপ্রিল, ২০২৬

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সেখানে পৌঁছেছে।

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে বহনকারী একটি বিমান শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে অবতরণ করে। এই দলে রয়েছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই কূটনৈতিক উদ্যোগ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

 

অন্যদিকে, ইরানের প্রতিনিধিদল শুক্রবার (১০ এপ্রিল) রাতেই ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও আইনপ্রণেতা।

 

ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

 

সূত্র জানায়, ইরানি প্রতিনিধিদল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবে। এরপর শনিবার ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন এই বৈঠকের দিকে নিবদ্ধ। ধারণা করা হচ্ছে, এই আলোচনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথও তৈরি করতে পারে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT