মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
মেঘনা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার সকাল ১১:০৩, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির উন্মোচন করা হয়।
সামরিক বাহিনীর উচ্চপদস্থ এ দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা এবং প্রস্তুতি বিষয়ে খোঁজ খবর নেন। তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদেও এ ব্যাপারে অবহিত করা হয়।
সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ‘শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি। যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি। একইসঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা।’
যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ ব্যাপক সেনার উপস্থিতি ঘটিয়েছে। এরমধ্যে দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কা করা হচ্ছে যদি আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী।
তবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এবার যুদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে এটির প্রভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে।
সূত্র: ফার্স নিউজ


