ঢাকা (বিকাল ৩:২৮) বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দলীয় নিয়োগে তোপ রুমিন ফারহানার: ব্যাংক ও বিশ্ববিদ্যালয় নিয়ে সংসদে তীব্র সমালোচনা

জাতীয় ২৫ বার পঠিত
জাতীয় সংসদে বক্তব্য রাখছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার দুপুর ০১:৪৮, ৮ এপ্রিল, ২০২৬

ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় নিয়োগের বিষয়টি নিয়ে সংসদে তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এ ধরনের নিয়োগকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন।

 

মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কেন্দ্রীয় ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়ার মতো সেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। অথচ বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

নতুন সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার গঠনের পর কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একটি সোয়েটার কারখানার এমডি। একই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে।’

 

দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘দল করা দোষের কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয়, তবে সেটা দুর্ভাগ্যজনক।’

 

রাষ্ট্রপতির ভাষণের একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে অলিগার্কিক কাঠামো ভেঙে বিনিয়োগনির্ভর কাঠামো তৈরি করার কথা। আমি আশা করব, আগামীতে সালমানের জায়গায় সাইফুল এসে বসবে না।’

 

এছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার বিষয়েও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ। তা না হলে আমি বুঝতে পারতাম না, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লাখ লাখ মানুষ আমাকে এতটা ভালোবাসে।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT