জামায়াত নেতা মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর
আরিফুল ইসলাম
শনিবার সকাল ১১:০৮, ৩ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার।
এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।
সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও অন্যান্য অভিযোগে শুক্রবার দুপুরে বিমানবন্দর থানায় মামলাটি করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।
মামলাটি দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় করা হয়েছে।
এদিকে, আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।
মামলাটির তদন্ত করছেন বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম।



