রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম
আরিফুল ইসলাম
মঙ্গলবার দুপুর ০৩:৪৪, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন, কেউ এই সুবিধা থেকে বাদ যাবে না। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।
এ সময় ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?’
তিনি বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।
অনুষ্ঠানে রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তাঁর পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।



