মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করা জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ
মেঘনা নিউজ ডেস্ক
রবিবার সন্ধ্যা ০৬:১৯, ২৯ নভেম্বর, ২০২৬
বিশ্বসংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘দ্য বিটলস’ ব্যান্ডের লিড গিটারিস্ট জর্জ হ্যারিসন শুধু সংগীতের ইতিহাসেই নয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসেও স্মরণীয় হয়ে আছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যা ও শরণার্থীদের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে তিনি সংগীতকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। আজ রোববার (২৯ নভেম্বর) এই মানবতাবাদী শিল্পীর ২৫তম মৃত্যুবার্ষিকী।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসেন জর্জ হ্যারিসন। সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে তিনি আয়োজন করেন ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এর মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা হয় বাংলাদেশের মানবিক বিপর্যয়ের দিকে।
১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এই কনসার্ট। দুটি পরিবেশনায় প্রায় ৪০ হাজার দর্শক অংশ নেন। এতে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের পাশাপাশি সংগীত পরিবেশন করেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল ও ওস্তাদ আলী আকবর খানের মতো বিশ্বখ্যাত শিল্পীরা।
কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের মানবিক সহায়তায় ব্যয় করা হয়। শুধু কনসার্ট আয়োজনেই সীমাবদ্ধ থাকেননি হ্যারিসন; বাংলাদেশের মানুষের দুর্দশা ও মুক্তির আকাঙ্ক্ষা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে তিনি রচনা ও সুর করেন ‘বাংলাদেশ’ শিরোনামের গান। গানটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিসংগ্রামের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করেন জর্জ হ্যারিসন। দীর্ঘ সংগীতজীবনে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা এই শিল্পী ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫৮ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। সংগীতকে মানবতার পক্ষে ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই শিল্পীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছে বাংলাদেশ।



