২৫০ সিসি মোটরবাইক আমদানি হবে দেশে
নিজস্ব প্রতিনিধি
বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২৫, ৯ জুন, ২০২২
এবারের প্রস্তাবিত বাজেটে (২০২২-২৩) প্রথমবারের মতো ২৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে শুল্ক প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে ২৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল তৈরি করতে দেশে কারখানা হচ্ছে। এ পণ্য আমদানিতে বর্তমানে কোনো শুল্ক আরোপ করা নেই। ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে বর্তমানে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ৬০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ শুল্ক আরোপ করা আছে। তাই ২৫০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ১০০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ শুল্ক প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, দেশে বর্তমানে ১৬৫ সিসির ওপরে মোটরসাইকেল আমদানি ও বাজারে ছাড়া নিষিদ্ধ। তবে দীর্ঘ দিন ধরেই এটি বাজারে আনার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৯ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
বাজেটের মোট আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এতে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।


