ঢাকা (রাত ১১:০০) মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার রাত ১০:২৪, ১২ মে, ২০২৬

সুন্দরবনে দীর্ঘদিন ধরে সক্রিয় ডাকাতচক্র ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবন অঞ্চলে ডাকাত ও বনদস্যুদের দমনে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাচাই ফরেস্ট অফিসের কালীর খাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের উপকূলীয় এলাকায় জেলে ও বনজীবীদের অপহরণ, মুক্তিপণ আদায় এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তার বাহিনীতে ১৩ জন সক্রিয় সদস্য রয়েছে।

জব্দ অস্ত্র ও গোলাবারুদসহ তাকে বিকেলে দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT