সাবেক স্পিকার শিরীন শারমিন গ্রেফতার দেখানো: লালবাগের মামলায় নতুন মোড়
আরিফুল ইসলাম
মঙ্গলবার দুপুর ০২:৩২, ৭ এপ্রিল, ২০২৬
রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।
তিনি জানান, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তাকে কখন আদালতে তোলা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। সময় লাগবে।’
এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত ছিলেন তিনি।
তবে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়, যেখানে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।


