‘শত্রু’ দেশে আর নয়: বিশ্বকাপ ঘিরে কড়া সিদ্ধান্তে ইরান
আরিফুল ইসলাম
শনিবার বেলা ১২:৫৮, ২৮ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ক্রীড়াঙ্গনেও পড়েছে সংঘাতের ছায়া। এই প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইরান—যেসব দেশকে তারা ‘শত্রু’ হিসেবে বিবেচনা করে, সেখানে আর কোনো দল পাঠানো হবে না।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, দেশটির ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনা জারি করেছে। যদিও সরাসরি আসন্ন ফিফা বিশ্বকাপের কথা উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে—বিশেষ করে যখন আসরটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা।
এরই মধ্যে সৌদি আরবের ক্লাব ট্র্যাক্টর সাজি এফসির একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সূচিতে ছিল, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল শাবাব আল আহলি। তবে নতুন নির্দেশনার কারণে সেই ম্যাচ নিয়েও দেখা দিয়েছে সংশয়।
ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, যেসব দেশে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বা যেসব দেশ ইরানের কাছে শত্রুতাপূর্ণ—সেসব দেশে জাতীয় দল কিংবা ক্লাব দল পাঠানো থেকে বিরত থাকবে কর্তৃপক্ষ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোর পর ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি অঞ্চলে পাল্টা হামলা চালায়। এর সরাসরি প্রভাব পড়েছে সৌদি আরব, দুবাই ও কাতারের মতো দেশগুলোতে, যা ক্রীড়া কার্যক্রমকেও প্রভাবিত করছে।
এই পরিস্থিতিতে ইরানের ফুটবল ফেডারেশন ও সংশ্লিষ্ট ক্লাবগুলো নিজেদের ম্যাচ সূচি পুনর্বিন্যাসের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে সমন্বয় শুরু করেছে।
অন্যদিকে, মেক্সিকো সিটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত বিশ্বকাপের তিনটি ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে। যদিও অতীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ইরানকে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বিশ্বকাপ নির্ধারিত সূচি ও ভেন্যুতেই অনুষ্ঠিত হবে, এবং ম্যাচ স্থানান্তরের প্রস্তাব ইতোমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে।


