ভোরের ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, উৎপত্তি সীমান্তে
আরিফুল ইসলাম
মঙ্গলবার সকাল ১০:৪৪, ২১ এপ্রিল, ২০২৬
ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
আর্থকোয়েক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত।
জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। গভীরতায় বেশি হওয়ায় এর তীব্রতা তুলনামূলক কম অনুভূত হয়েছে, ফলে মাঝারি মাত্রার হলেও দেশে মৃদু কম্পন দেখা গেছে।
এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মণিপুরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল কামজং এলাকায়। এর গভীরতা ছিল প্রায় ৬২ কিলোমিটার।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ১০০ দশমিক ৬ কিলোমিটার।
তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


