সরাসরি সেবার নতুন উদ্যোগ: বাউফলে চালু হলো ‘জনতার কল সেন্টার’
আরিফুল ইসলাম
মঙ্গলবার বেলা ১২:১২, ১৪ এপ্রিল, ২০২৬
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী এলাকায় জনগণের সেবা সহজ করতে চালু করেছেন ‘জনতার কল সেন্টার’। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা জামায়াত অফিসে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, জনগণের সমস্যা দ্রুত শোনা এবং কার্যকর সমাধানের লক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ, সমস্যা ও প্রয়োজনীয়তা জানাতে পারবেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই কল সেন্টার জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগকে আরও সহজ ও গতিশীল করবে, পাশাপাশি সেবার মানও উন্নত করবে।
এমপি বলেন, একটি দক্ষ টিম ২৪ ঘণ্টা কল সেন্টারের মাধ্যমে উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শুনবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি দুটি মোবাইল নম্বর—০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২ উল্লেখ করে বলেন, এসব নম্বরে কল করে যে কেউ তার সমস্যা জানাতে পারবেন। তবে তিনি সতর্ক করে দেন, যেন কেউ মিথ্যা বা প্রতারণামূলক কল না করেন, যাতে জনসেবার কার্যক্রম ব্যাহত না হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর ও জামায়াতকর্মী হেলাল মুন্সিসহ অন্যান্য নেতাকর্মীরা।


