ছাত্রশিবির নেতার বিচারের দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মিছিল
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শনিবার সন্ধ্যা ০৬:১৫, ১৩ জুন, ২০২৬
কেন্দ্রীয় ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দাউদকান্দি উপজেলার বাসিন্দা ও কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান মিয়া এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং পরবর্তীতে আত্মগোপনে যান। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, জিসান মিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপহরণের দাবি করে একাধিক পোস্ট দেওয়া হয়েছিল। তবে শনিবার জেলা পুলিশ জানায়, কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান মিয়াকে দাউদকান্দি মডেল থানায় ভুক্তভোগী নারীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।


