ঢাকা (দুপুর ১২:৫৩) বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঈদ সহায়তায় স্বচ্ছতার নজির, বরাদ্দ খরচের পূর্ণ তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

Hasnat Abdullah
ফাইল ছবি

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার সকাল ১১:৪৮, ২৫ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতার উদাহরণ তৈরি করলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি ঈদে দেওয়া ১০ লাখ টাকার বরাদ্দ কীভাবে খরচ হয়েছে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন—যার সঙ্গে যুক্ত করা হয়েছে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তথ্যও।

 

মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং ‘জবাবদিহিতা’ নামের একটি পেজে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

 

হাসনাত আব্দুল্লাহ জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হলেও প্রশাসনিক যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য উন্মুক্ত রাখা হয়েছে।

 

প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার ব্যক্তিকে জনপ্রতি এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি, ব্যক্তিগত উদ্যোগে আরও ৫০০ জনের কাছে সরাসরি ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

 

তিনি জানান, তালিকা প্রস্তুত ও বিতরণ প্রক্রিয়া একসঙ্গেই সম্পন্ন হওয়ায় পুরো তালিকাটি প্রকাশ করা হয়েছে, যাতে যেকোনো নাগরিক চাইলে তা পর্যালোচনা করতে পারেন।

 

সহায়তা বিতরণে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, “প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছেই সহায়তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।”

 

তবে তিনি স্বীকার করেন, সীমিত বরাদ্দের কারণে উপজেলার সব অসচ্ছল মানুষকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। ফলে এখনও অনেক সুবিধাবঞ্চিত ব্যক্তি সহায়তার বাইরে রয়ে গেছেন।

 

বরাদ্দ বিতরণে জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে, গত ১০ মার্চ এক ফেসবুক লাইভে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও বিস্তারিত তুলে ধরেন এই সংসদ সদস্য।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT