মেঘনার গোবিন্দপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শফিউল্লাহ, করছেন গণসংযোগ
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শুক্রবার রাত ১১:৫৮, ২০ নভেম্বর, ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শফিউল্লাহ। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের শেননগর বাজারে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ বলেন, “আমি দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছি। গোবিন্দপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নবান্ধব ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হতে পারলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেব।”
তিনি আরও বলেন, “আমি চাই, ইউনিয়নের মানুষ যেন তাদের সুখ-দুঃখ ও সমস্যা নিয়ে চেয়ারম্যানের কাছে নির্দ্বিধায় যেতে পারেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”
গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।



