মেঘনায় পূজামণ্ডপ পরিদর্শনে আহ্বায়ক কিরন অর রশিদের সাথে এনসিপি নেতৃবৃন্দ, নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
সজিব মিয়া, মেঘনা উপজেলা (কুমিল্লা)
বৃহস্পতিবার সকাল ১০:৪৪, ২২ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখার আহ্বায়ক মো. কিরন অর রশিদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
বুধবার (২১ অক্টোবর) তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় পূজার পরিবেশ, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে এনসিপি আহ্বায়ক কিরন অর রশিদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, মেঘনা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এনসিপি নেতাকর্মীরা সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি৷
এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



