ভয়াবহ রূপ নিচ্ছে হাম: ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
আরিফুল ইসলাম
রবিবার সন্ধ্যা ০৬:০৬, ১২ এপ্রিল, ২০২৬
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই শিশু। এর মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর ছয়জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে—যার মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে এবং বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে (সন্দেহজনক)।
এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪২৮ জন। এর মধ্যে ১৫০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ১২৬৮ জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।
সবচেয়ে বেশি উদ্বেগজনক পরিস্থিতি দেখা যাচ্ছে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগেই ৭০৩ জন শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হিসেবে মৃত্যু হয়েছে আরও ১৫১ জন শিশুর। অর্থাৎ, মাত্র এক মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ১৭৯ জন শিশুর প্রাণহানি ঘটেছে।
একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জনে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।


