পার্থের বক্তব্যের পাল্টা জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ
আরিফুল ইসলাম
বুধবার বিকেল ০৫:০৪, ১ এপ্রিল, ২০২৬
সংবিধান নিয়ে সংসদে দেওয়া বক্তব্যকে ঘিরে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে কড়া জবাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, পার্থ তার বক্তব্যে যারা সংবিধান পরিবর্তনের কথা বলেন তাদের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে তুলনা করেছেন, যা সমর্থনযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, পার্থের এ মন্তব্যের সময় সরকারি দলের মন্ত্রীরা টেবিল চাপড়ে সমর্থন জানান, যা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অতীতে মন্তব্য করেছিলেন যে, প্রকৃত জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সংবিধান পরিবর্তনের বিষয়টি বিবেচনায় আসতে পারে। সেই প্রেক্ষাপটে সংবিধান পরিবর্তনের প্রসঙ্গকে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হলে তা খালেদা জিয়ার অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, তাদেরই এমন অবস্থান নেওয়া তার প্রতি অসম্মানজনক হতে পারে— বিষয়টি তাদের বিবেচনা করা উচিত।
সংবিধান ইস্যুতে সংসদে চলমান বিতর্কে ভিন্নমতের প্রতি সহনশীলতা দেখানোর আহ্বানও জানান তিনি।
বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন; উনি বলেছিলেন- যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে; যেদিন এ পার্লমেন্ট জনতার সরকারের কাছ যাবে সেদিন এ সংবিধান ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এ সংবিধান ছুঁড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধারাধীর অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন- সেটার মধ্য দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ


