ঢাকা (সন্ধ্যা ৭:৫৪) শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা, দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বার্তা

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার সন্ধ্যা ০৬:২৭, ১৮ এপ্রিল, ২০২৬

বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় একই ধরনের বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও ময়মনসিংহ ও সিলেটসহ রংপুর, ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে শিলাবৃষ্টিও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) একই সময়সীমায় সিলেট বিভাগের কিছু এলাকা এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে। অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT