দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, এখনো নিখোঁজ বাবা
আরিফুল ইসলাম
শনিবার দুপুর ০৩:৪২, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৈদ্যারবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া তিনজন হলেন বড় ভাই সজীব, ছোট ভাই শামীম এবং নিখোঁজ হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া।
এর আগে গত বৃহস্পতিবার ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যারবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন পানিতে পড়ে নিখোঁজ হন।
দুর্ঘটনার পরপরই রায়েসা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে একই পরিবারের চারজনসহ বাকি নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর দুই দিন ধরে উদ্ধার অভিযান চালানোর পর শনিবার ভোরে মেঘনা নদীতে সামিয়ার মরদেহ ভেসে ওঠে।
পরে সকালে সোনারগাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে সামিয়ার মরদেহ কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন। তার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দুই দিন পর একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার হলেও বাবার সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।



