ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি পৌর বাজার কমিটি নিয়ে সমালোচনার ঝড়, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শুক্রবার সন্ধ্যা ০৬:১১, ১৫ মে, ২০২৬

দাউদকান্দি পৌরসভার নতুন বাজার কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। বিশেষ করে প্রকৃত ব্যবসায়ীদের যথাযথ মূল্যায়ন না করা এবং বাজারের সঙ্গে সম্পৃক্ত নন— এমন ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মীরা।

বৃহস্পতিবার (১৪ মে) পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম স্বাক্ষরিত নতুন বাজার কমিটির একটি পূর্ণাঙ্গ তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক ওয়ালে প্রকাশ করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক পিটার চৌধুরী। এরপরই ফেসবুকে শুরু হয় প্রতিক্রিয়ার ঝড়।

নতুন কমিটিতে পদ পাওয়া কেউ কেউ আনন্দ প্রকাশ করে পোস্ট দিলেও, অনেকে নিজেদের অবমূল্যায়নের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় ব্যবসায়ীদের একটি বড় অংশ বলছেন, দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা পরিচালনা করা প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে বিতর্কিতভাবে কমিটি গঠন করা হয়েছে।

পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেলকে কমিটির সাংস্কৃতিক সম্পাদক পদে রাখা হলেও তিনি অসন্তোষ প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে লেখেন,

“যেকোনো কমিটি হোক না কেন, যার যার যোগ্য স্থানে রাখতে পারলে রাখবেন। না রাখতে পারলে না রাখাই উত্তম। শুধু শুধু নাম দিয়ে লিস্ট বড় করার দরকার নাই। ফ্যাট বাজার কমিটি।”

তার এই পোস্টের মন্তব্য ঘরেও দেখা যায় নানা নেতিবাচক প্রতিক্রিয়া।

এদিকে সাংবাদিক ও সমাজকর্মী তৌফিক রুবেল ফেসবুকে লিখেছেন,

“শুধুমাত্র দল করে দেখে— যারা বাজারে ব্যবসা করে না, বিভিন্ন দোকানে বসে আড্ডা দেয়, তাদের নাম বাজার ব্যবসায়ী কমিটিতে আছে। এর চেয়ে বড় টিটকারি আর হতে পারে না।”

পৌর ছাত্রদল নেতা প্রত্যয় সরকার ব্যঙ্গ করে লেখেন,

“কমিটিতে বোধহয় একমাত্র আমিই বাকি আছি।”

অন্যদিকে পৌর বাজারের পরিচিত ব্যবসায়ী মোহাম্মদ রিটু সরকার প্রকাশ্যে নিজের নাম কমিটি থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে পোস্ট করেন। তিনি লেখেন,

“অতীতের মতো বাজার কমিটি আশা করিনি। যেখানে প্রকৃত ব্যবসায়ীদের ঠাঁই হয়নি, সে কমিটিতে আমি থাকতে চাই না। দয়া করে আমার নামটি কেটে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

পৌর যুবদলের সদস্য ও বাজার ব্যবসায়ী মো. মাইনউদ্দিন আহম্মেদও কমিটির সমালোচনা করে লেখেন,

“বাজার কমিটিতে অনেকের নাম এসেছে, যারা নিজের ঘরের বাজারই ঠিকমতো করেন না। বাজার কন্ট্রোল সম্পর্কে তারা কী বুঝাবে?”

এসব সমালোচনার বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন,

“বাজারের ব্যবসায়ীরা আমার কাছে বাজার পরিচালনার জন্য একটি তালিকা নিয়ে এসেছিলেন। আমি তাদের দেওয়া তালিকা অনুযায়ী বিষয়টি অবগত হয়েছি।”

 

নতুন এই বাজার কমিটি ঘিরে এখন পৌরজুড়ে আলোচনা চলছে। অনেক ব্যবসায়ীর দাবি, দ্রুত কমিটি পুনর্গঠন করে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হোক।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT