ঢাকা (সকাল ৯:২৯) বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এএসপি তানভীর ফয়সাল ও ইন্সপেক্টর জাহাঙ্গীরের বদলির খবরে দাউদকান্দিতে স্বস্তির নিশ্বাস

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বৃহস্পতিবার সকাল ০৮:৪৮, ৭ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তানভীর ফয়সাল ও গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের বদলির খবরে দাউদকান্দিতে জনমনে স্বস্তির নিশ্বাস পড়েছে। সূত্র জানায়, বুধবার সকালে এএসপি তানভীর ফয়সাল ও গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বদলির আদেশ আসে।

দেড় বছরে দাউদকান্দি-চান্দিনা সার্কেলের এএসপি হিসেবে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। গৌরীপুর ও দাউদকান্দি উপজেলার বেশ কয়েকজন নিরপরাধ মানুষকে অর্থের বিনিময়ে মামলায় জড়ানোর অভিযোগও পাওয়া গেছে। গত মার্চ মাসে দাউদকান্দি উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র সাকিব ও তার সহোদর নবীরকে একটি হত্যা মামলায় আসামি করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করা হয়। পরে এর প্রতিবাদে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সার্কেল এএসপি তানভীর ফয়সালের প্রত্যাহারের দাবি জানান।

তার বদলির খবরে জেলা এনসিপির সাবেক নেতা মাজহারুল ইসলাম হানিফ একটি স্ট্যাটাস দেন। তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছেন—

“খতরনাক এএসপির দাউদকান্দি থেকে বিদায়।

আরেক ঘুষখোর, অসভ্য ইন্সপেক্টরের দাউদকান্দি থেকে বিদায়।

এইসব কুলাঙ্গারদের জন্য বাহিনীর বদনাম হয়।”

স্ট্যাটাসটি ৭টি শেয়ার হয় এবং ৪টি মন্তব্য আসে।

এছাড়াও অভিযোগ রয়েছে, এই সার্কেল এএসপি তানভীর ফয়সালের নেতৃত্বে দাউদকান্দি টোলপ্লাজায় তার পছন্দের চেকার রফিককে নিয়োগ দেওয়া হয়। রফিকের মাধ্যমে মাদক বিক্রির খবর প্রকাশ হতে থাকে। এছাড়া তার নেতৃত্বে ইয়াবার দেড় কোটি টাকা আত্মসাতের খবর দেশের প্রভাবশালী গণমাধ্যম দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দাউদকান্দি মডেল থানার এক সাবেক পুলিশ সদস্য এই প্রতিবেদককে জানান, এএসপির বদলির খবরে তিনি আনন্দিত। তার ভাষ্যমতে, এই কর্মকর্তা দাউদকান্দিতে যোগদানের পর থেকে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি।

দাউদকান্দি উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত জানান, “আমরা আর তার মতো দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী পুলিশ কর্মকর্তা চাই না। একজন নীতিবান, জনবান্ধব পুলিশ কর্মকর্তা আসুক। পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করলে তা বরদাস্ত করা হবে না।”

দাউদকান্দি পৌরসভার বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম তার ফেসবুক ওয়ালে লিখেছেন—

“মহাসড়ক অযথা বা হিরো হওয়ার জন্য অবরোধ করিনি। আমরা আবারও দাউদকান্দির আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সোজাসাপ্টা বার্তা দিচ্ছি— আমরা অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ করব না, সে যেই হোক। আশা করি, সকল শ্রেণির মানুষ সতর্কতার সঙ্গে নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT