মেঘনা উপজেলা বিএনপির নতুন সদস্য সচিব হলেন সালাউদ্দিন সরকার
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
মঙ্গলবার সকাল ০৮:৪৪, ৪ আগস্ট, ২০২৬
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা শাখার সদস্য সচিব পদ থেকে মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মেঘনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন সরকারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংগঠনিক নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ওসমান গনি ভূঁইয়া ও সুফিয়া খাতুনের স্বাক্ষর রয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) কুমিল্লা উত্তর জেলা কমিটির অনুমোদিত নতুন সদস্য সচিব সালাউদ্দিন সরকারের দায়িত্ব প্রদান ও এসএম মিজানুর রহমানকে অব্যাহতি প্রদানের একটি চিঠি এ প্রতিবেদকের হাতে এসেছে।
প্রতিক্রিয়া জানতে চাইলে নবনিযুক্ত সদস্য সচিব মো. সালাহউদ্দিন সরকার বলেন, “দলের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি। দল যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও ঐক্যের ভিত্তিতে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দলের নীতিমালা মেনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপিকে আরও সুসংগঠিত করতে কাজ করব।”



