জেলা পুলিশ সুপার থেকে সম্মাননা পেলেন দাউদকান্দি মডেল থানার এএসআই সজল
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শনিবার রাত ১০:৩১, ১ আগস্ট, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় যোগদানের প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন এএসআই (নি.) সজল কুমার দাস।
সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আদালতের ওয়ারেন্ট তামিলে অসামান্য সাফল্য ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার পুলিশ সুপার জেলা (এসপি) মো. আনিসুজ্জামান জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এএসআই সজল কুমার দাসের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
জানা যায়, দাউদকান্দি মডেল থানায় যোগদানের পর থেকেই আদালতের মুলতবি ওয়ারেন্ট নিষ্পত্তিতে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেন এএসআই (নি.) সজল কুমার দাস। এরই ধারাবাহিকতায় তিনি জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে এএসআই (নি.) সজল কুমার দাস বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। এটি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আইনশৃঙ্খলা রক্ষা, আদালতের ওয়ারেন্ট তামিল এবং জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব, ইনশাআল্লাহ।”
স্থানীয় সচেতন মহল এ অর্জনকে দাউদকান্দি মডেল থানার জন্য একটি গৌরবজনক সাফল্য হিসেবে উল্লেখ করে এএসআই সজল কুমার দাসের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।



