দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
বুধবার রাত ০৯:২৬, ২২ জুলাই, ২০২৬
কুমিল্লার দাউদকান্দী মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানের তত্ত্বাবধানে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা এলাকায় আকবর আলী শাহ মৎস্য চাষ প্রকল্প অফিসের নিকটে রায়পুর-মালিগাঁও সড়কের পশ্চিম পাশের কাঁচা রাস্তা থেকে মো. মাহাবুব ওরফে মাহাবুব সম্রাট (৩৪)-কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের কোমরে রাখা একটি বিদেশি পিস্তল, সংযুক্ত একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি বের করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে বিকেল ৪টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান,”
গ্রেফতার মাহাবুব সম্রাটের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় অস্ত্র আইনে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”



