আইন-শৃঙ্খলা ও জনসেবায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না: ড. মারুফ হোসেন
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
মঙ্গলবার বিকেল ০৪:১১, ৩০ জুন, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি ও অপরাধ দমন, বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, চুরি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, মাদক ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সংশ্লিষ্ট সবাইকে আরও কঠোর ও সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়নমূলক প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।”
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানসহ অনেকেই।


