দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য: ড. খন্দকার মারুফ হোসেন
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শুক্রবার বেলা ১২:০৫, ২৬ জুন, ২০২৬
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) দুপুরে মেঘনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লার
মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি হয়, বিনিয়োগ বৃদ্ধি পায় এবং উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হয়। তাই জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণেরও সচেতন ভূমিকা রাখতে হবে।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জনদুর্ভোগ নিরসন ও সেবার গুণগত মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,
মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীসহ উপজেলা বিএনপির নেতারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


