ঢাকা (দুপুর ২:২৭) বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

১৭ বছর পর দাউদকান্দিতে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বৃহস্পতিবার বেলা ১২:২২, ১৮ জুন, ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৩ জুলাই(বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। কাউন্সিলকে ঘিরে উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে প্রচারণা শুরু করেছেন এবং কাউন্সিল সফল করতে দলীয়ভাবে চলছে নানা প্রস্তুতি।

দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে শিগগিরই একটি নির্বাচন কমিশন গঠন করা হবে। একই সঙ্গে প্রকাশ করা হবে কাউন্সিলর ও ভোটার তালিকা।

দলের গঠনতন্ত্র অনুযায়ী, দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন কমিটি থেকে ৭১ জন করে মোট ১ হাজার ৬৫ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৪১ জন সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা হবে ১ হাজার ১০৬ জন।

কাউন্সিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠনের পক্ষে মত দেন। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন একটি রাজনৈতিক দলের প্রাণশক্তি। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হলে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হয় এবং কর্মীদের মধ্যে জবাবদিহিতা ও অংশগ্রহণের সংস্কৃতি গড়ে ওঠে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ দমন-পীড়নের কারণে আমরা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারিনি। সেই কঠিন সময়ে নেতাকর্মীরা জীবন বাজি রেখে দলকে টিকিয়ে রেখেছেন এবং সুসংগঠিত করেছেন। আজ দীর্ঘ ১৭ বছর পর একটি অংশগ্রহণমূলক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দাউদকান্দির বিএনপির জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের মুহূর্ত। আমি আশা করি, ডেলিগেটদের ভোটে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও ত্যাগী নেতৃত্ব নির্বাচিত হবে।”

 

কাউন্সিলকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে মতবিনিময় সভা, গণসংযোগ ও কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ।

দলীয় নেতারা মনে করছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই কাউন্সিলের মাধ্যমে দাউদকান্দি উপজেলা বিএনপিতে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে এবং তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি শক্তিশালী নেতৃত্বের উত্থান ঘটবে। নেতাকর্মীদের প্রত্যাশা, গণতান্ত্রিক এই প্রক্রিয়া উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT