দাউদকান্দিতে দাউবি-১২ ব্যাচের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে কোরবানির হাদিয়া বিতরণ
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বুধবার দুপুর ০২:৫০, ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির হাদিয়া বিতরণ করেছে দাউবি-১২ ব্যাচ। বুধবার সকালে দাউদকান্দি পৌরসভার চেয়ারম্যান মার্কেটে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় ১৭০টিরও বেশি পরিবারের মাঝে কোরবানির হাদিয়া বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগ বাস্তবায়নে শুধু দাউবি-১২ ব্যাচ নয়, দেশের বিভিন্ন স্থান ও প্রবাসে থাকা অসংখ্য বড় ভাই, ছোট ভাই ও বন্ধু-বান্ধব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার কারণেই সফলভাবে কর্মসূচি সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “এটি আমাদের সামান্য প্রচেষ্টা মাত্র। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমরা কাজ করেছি। আল্লাহর অশেষ রহমতে সবার সহযোগিতায় আমরা সফলভাবে হাদিয়া বিতরণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।”
তারা আরও জানান, কর্মসূচি সফল করতে দাউবি-১২ ব্যাচের সদস্যরা আগের রাত থেকেই নিরলস পরিশ্রম করেছেন। সারারাত জেগে কোরবানির গোশতসহ হাদিয়া প্রস্তুত ও বিতরণ কার্যক্রমে অংশ নেন তারা। ক্লান্তিকে উপেক্ষা করে একসাথে ভালো কিছু করার মানসিকতা নিয়েই সবাই কাজ করেছেন।
স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, তরুণদের এমন সামাজিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে আয়োজকরা সকল দানশীল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে সকলের জন্য উত্তম প্রতিদান কামনা করেন।


