দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
বুধবার রাত ০১:০৫, ২০ মে, ২০২৬
প্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। তিনি বলেন, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নাছরীন আক্তার বলেন, “বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল ও জনবান্ধব করতে কাজ করছে। মানুষ যেন হয়রানি ছাড়া দ্রুত ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সে লক্ষ্যেই এ ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও ভূমি সংক্রান্ত তথ্য এখন অনেক সহজে অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। জনগণকে এসব আধুনিক সেবা সম্পর্কে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহারে আগ্রহ বাড়লে দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।”
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলার শেষদিনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ইউনিয়নভিত্তিক সর্বোচ্চ ভূমিকর আদায়কারীকে পুরস্কৃত করা হবে। একইসঙ্গে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে ধারণা প্রদান ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।


