ঢাকা (সন্ধ্যা ৭:০২) বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ইবির জুলাই বিপ্লববিরোধী ৩০ শিক্ষক-কর্মকর্তার শাস্তি মওকুফ, শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বৃহস্পতিবার বিকেল ০৪:০৮, ১৯ মার্চ, ২০২৬

জুলাই-আগস্ট ২০২৪ সালের বিপ্লববিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তা-কর্মচারীর শাস্তি মওকুফ করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

তবে একই অভিযোগে বহিষ্কৃত ৩৩ জন শিক্ষার্থীর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

সিন্ডিকেট সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত ২৭১তম সিন্ডিকেট সভায় বিপ্লববিরোধী ভূমিকার অভিযোগে ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

পরবর্তীতে অভিযোগগুলোর ধরন, শাস্তির মাত্রা এবং নতুন অভিযোগ পর্যালোচনার জন্য উপাচার্য একটি রিভিউ কমিটি গঠন করেন। ওই কমিটির প্রতিবেদন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ২৭২তম সিন্ডিকেট সভায় একজন অবসরপ্রাপ্ত বিচারকের কাছে পাঠানো হয়।

 

পর্যালোচনার পর অবসরপ্রাপ্ত এক সিনিয়র জেলা ও দায়রা জজ মতামত দেন যে, তদন্ত ও রিভিউ কমিটি ‘Islamic University Employee’s Efficiency and Discipline Rules, 1986’ অনুসরণ করে যথাযথভাবে কাজ পরিচালনা করেনি। ফলে তাদের সুপারিশ বাস্তবায়ন আইনসম্মত হবে না।

 

এই মতামতের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সতর্কতাসহ শাস্তি মওকুফ করে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

উল্লেখ্য, গত বছরের ১৫ মার্চ বিপ্লববিরোধী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। লিখিত ও মৌখিক অভিযোগ, ভিডিও ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে ওই কমিটি সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT