দাউদকান্দিতে ধানের শীষের প্রচারণায় মাঠে নামছে গণঅধিকার পরিষদ
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
সোমবার সকাল ০৮:৪৬, ২ ফেব্রুয়ারী, ২০২৬
কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে নির্বাচনি প্রচারণায় মাঠে নামছে দাউদকান্দি উপজেলা গণঅধিকার পরিষদ।
আগামীকাল (সোমবার) থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় দাউদকান্দি উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এ লক্ষ্যে শরিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে গণঅধিকার পরিষদ সক্রিয়ভাবে নির্বাচনি প্রচারণা চালানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন, দাউদকান্দিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে যৌথভাবে কাজ করা হবে।
এ সময় গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সামছুল হক ফকিরের সভাপতিত্বে
এতে আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের কর্ম ও শ্রম বিষয়ক সম্পাদক ফয়সাল সরকার, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেদোয়ান শাকিল ও দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি রেজাউল খন্দকার।


