নতুন পায়ে নতুন পথ : টঙ্গীতে ১৯ জন পেলেন হারানো পায়ে দাড়ানোর স্বপ্ন
মেঘনা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫৩, ৩০ এপ্রিল, ২০২৬
গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন ও কর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে আয়োজিত এক মানবিক উদ্যোগে ১৯ জন পা হারানো ব্যক্তির শরীরে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। একই সঙ্গে ছয়জন দৃষ্টিহীন ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে ডিজিটাল সাদাছড়ি এবং ২৪ জন প্রতিবন্ধীকে দেওয়া হয়েছে চাকরির নিয়োগপত্র।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাতীয় শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং মৈত্রী শিল্প প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মো. আবু ইউসুফ এবং শাহ মোহাম্মদ মাহবুব।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিরা নতুন কৃত্রিম পা পেয়ে আবার দাঁড়ানোর স্বপ্ন ফিরে পেয়েছেন। অন্যদিকে ছয়জন দৃষ্টিহীনদের হাতে ডিজিটাল সাদাছড়ি তুলে দেওয়ায় তাদের চলাচল ও দৈনন্দিন জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি ২৪ জন প্রতিবন্ধী যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, যা তাদের স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে নেবে।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে জেলা প্রশাসক নবসংযোজিত কৃত্রিম পায়ে দাঁড়ানো ব্যক্তিদের বুকে টেনে নেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি দৃষ্টিহীনদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে প্রতিশ্রুতি দেন যে, প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কম্পিউটার সরঞ্জাম দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রতিবন্ধীদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


