দুর্বৃত্তের গুলিতে জোহানসবার্গে দুই দিনে দুই বাংলাদেশি নিহত, আতঙ্কে প্রবাসীরা
মেঘনা নিউজ ডেস্ক
বুধবার রাত ০৮:২৫, ২২ এপ্রিল, ২০২৬
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ-এ পৃথক ঘটনায় দুই দিনে আবু নাসের শামীম (৫৩) ও জামাল উদ্দিন নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জোহানসবার্গের অদূরে সুয়েটোর বারাখওয়ানা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আবু নাসের শামীমকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় প্রবাসী সূত্র জানায়, তিনি দোকানের সামনে দাঁড়িয়ে থাকাকালে আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালিয়ে নিশ্চিত মৃত্যু ঘটিয়ে পালিয়ে যায়।
প্রবাসীদের দাবি, এ হত্যাকাণ্ডে ডাকাতির কোনো সম্পৃক্ততা নেই; পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ মর্গে পাঠিয়েছে এবং তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা শামীম ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় যান। দেশে তার স্ত্রী ও চার ছেলে রয়েছেন। সম্প্রতি দেশে গিয়ে বড় ছেলের বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার।
অন্যদিকে, জোহানসবার্গের অদূরে পামরিজ এলাকায় ডাকাতের গুলিতে নিহত হন জামাল উদ্দিন। তার মামাতো ভাই, স্থানীয় কমিউনিটি নেতা নাসির উদ্দিন জানান, রোববার (১৯ এপ্রিল) মধ্যরাতে একদল ডাকাত তার দোকানে কাটার মেশিন দিয়ে ঢোকার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে জামাল ভেতর থেকে প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা বাইরে থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ডাকাতরা দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। দেশে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার জানাজা মঙ্গলবার বাদ জোহর পামরিজের একটি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বুধবার রাত ১০টায় তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।


