সাওদা সুমির জামিন: সামাজিক মাধ্যমে বিতর্ক থেকে আদালতের মুক্তি
আরিফুল ইসলাম
মঙ্গলবার দুপুর ০২:০৪, ৭ এপ্রিল, ২০২৬
ভোলায় গ্রেফতার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমি (৩৭) অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম।
এর আগে, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডে অবস্থিত ‘ক্ষণিকালয়’ নামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমি ওই এলাকার বাসিন্দা আব্দুল হালিম বাবুলের স্ত্রী। গ্রেফতারের পরদিন সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরে মঙ্গলবার আদালতে তোলা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।
গ্রেফতারের আগে সামাজিক মাধ্যমে তার একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দেয়। ‘Sawoda Sumi’ নামের ফেসবুক আইডি থেকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, ‘আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিছে’, তাহলে দুই তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনা লাগবে?’
এছাড়াও বিভিন্ন সময়ে তার ফেসবুক অ্যাকাউন্টে সরকারবিরোধী সমালোচনামূলক পোস্ট দেখা গেছে বলে জানা যায়।
পুলিশের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (গোয়েন্দা শাখা) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুক পোস্টগুলোর সত্যতা স্বীকার করেন এবং জানান, ফেসবুকে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী) নিয়ে তিনি এসব পোস্ট করেছেন।
পুলিশ আরও জানায়, তিনি সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের সঙ্গে জড়িত। তবে তার মোবাইল ফোনে থাকা ফেসবুক পোস্টসমূহ পর্যালোচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদনও করা হয়েছিল।


