দাউদকান্দিতে পৃথক অভিযানে ২১ ও ১৭ মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৯
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শনিবার সন্ধ্যা ০৬:০৮, ১১ জুলাই, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে চুরি-ডাকাতি মামলার ৬ জন, মারামারি মামলার ২ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) এহসান হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নির্দেশনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি ও ডাকাতি মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত মো. আলীর ছেলে মো. আলাউদ্দিন (৩০) একই জেলার মুরাদনগর থানার আবুল কাশেমের ছেলে মো. আনিছ (২৯) এবং মুরাদনগর থানার মৃত হবি মিয়ার ছেলে মো. আলী আক্কাস (৩৫)। এছাড়া ভোলা জেলার ভোলা সদর থানার মৃত রুস্তম আলীর ছেলে সুমন (৩০)। দাউদকান্দি থানার মৃত দুলাল মিয়ার ছেলে মো. রবিউল আওয়াল (৩৭)।
চাঁদপুর জেলার কচুয়া থানার মৃত আব্দুল্লাহর ছেলে মো. করিম ওরফে আব্দুল মতিন (২৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আলাউদ্দিন ও আনিছ গৌরীপুর বাজার এবং সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত। আলাউদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আনিছের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিরুদ্ধেও স্বর্ণ চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে দাউদকান্দি থানার জিংলাতলী এলাকার মারামারি মামলার দুই আসামি দাউদকান্দি থানার মৃত সুলতান মিয়ার ছেলে মো. আলম (৫৫) এবং তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।
অপর এক এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সামছুদ্দিনের ছেলে মো. রুবেল (২৬)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”


