মেঘনায় বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ, এলাকা পরিদর্শনে ড. মারুফ হোসেন
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
মঙ্গলবার রাত ১০:১৬, ১২ মে, ২০২৬
কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির সমর্থকদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
মঙ্গলবার (১২ মে) ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং ঘটনাটির তীব্র নিন্দা জানান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের মেঘনার মাটিতে কোনো জায়গা হবে না।”
তিনি আরও বলেন, হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, হামলার ঘটনায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী,সদস্য সচিব এসএম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, সাবেক ভাইস-চেয়ারম্যান দিলারা শিরিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


