ঢাকা (রাত ১১:৫৪) মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কর্ম দক্ষতায় সুনাম অর্জন করছেন দাউদকান্দি-মেঘনার দুই নারী ইউএনও

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার রাত ০৯:৩৩, ৫ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এনে আলোচনায় এসেছেন দুই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার ও মৌসুমী আক্তার। তাদের দক্ষ, দূরদর্শী ও মাঠমুখী নেতৃত্বে এই দুই উপজেলায় সুশাসনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ৫ আগষ্টের পর থেকে বিএনপির সরকার ক্ষমতায় আসার পর এখন অনেকটাই স্থিতিশীল ও স্বাভাবিক। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সহিংসতামুক্ত পরিবেশে সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে স্বস্তি ও আস্থা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীলতা এড়াতে আগে থেকেই গ্রহণ করা হয় বহুমুখী প্রস্তুতি। দাউদকান্দি ও মেঘনা উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

 

দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১ আসনে নির্বাচনের সময় ১টি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে কোনো সহিংসতা বা বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এতে করে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, যা স্থানীয় প্রশাসনের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

দাউদকান্দি পৌরসভার বাসিন্দা বিল্লাল চৌধুরী বলেন,

“আগে নির্বাচন মানেই ছিল আতঙ্ক। কিন্তু এবার প্রশাসনের কড়াকড়ির কারণে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমরা স্বস্তিতে ভোট দিতে পেরেছি।”

 

দাউদকান্দি উপজেলার ইতিহাসে দ্বিতীয় নারী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন নাছরীন আক্তার। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কাজ করছেন। উপজেলা প্রশাসনের প্রধান হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্পের তদারকি , সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা—সব খাতেই সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রতিমাসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়ে আসছেন। সভাগুলোতে তিনি স্পষ্ট করে জানান—জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার জন্য তিনি প্রশাসনের সবাইকে নির্দেশ দিয়েছেন। দেশের অর্থনেতিক লাইফলাইনখ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকার ১৫ কিলোমিটার এলাকা দাউদকান্দি উপজেলার অংশ হওয়ায় এবং দাউদকান্দি-গোমতী সেতু টোল থাকায় যেকোনো ধরনের যানজট নিরসনে কাজ করার তাগিদ দেন।

এছাড়াও তিনি বাল্যবিবাহরোধ, বিভিন্ন দখলদারিদের বিরুদ্ধে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ মোবাইল কোর্ট পরিচালনা করে জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছেন।

 

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার বলেন, দাউদকান্দি উপজেলার বর্তমান ইউএনও স্যার একজন দক্ষ, মানবিক প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সেবা প্রদান সহজীকরণ এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিকভাবে উপকার ভোগীদের জন্য কাজ করে যাচ্ছেন।

 

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী (কর্মকর্তা ইউএনও) নাছরীন আক্তার বলেন, “জনগণের জানমাল রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা চাই মানুষ নিরাপদে জীবনযাপন করুক এবং নির্বিঘ্নে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছি। এছাড়া বিভিন্ন উন্নয়নূমলক কর্মকাণ্ড সচ্ছতার ভিত্তিতে তদারকি করছি। জনগণকে তাদের ন্যায্য পাওনাটুকু দেওয়ার চেষ্টা করছি।

 

 

অন্যদিকে মেঘনা উপজেলার ইউএনও মৌসুমী আক্তারও সমানভাবে প্রশংসিত হচ্ছেন তার কার্যকর ভূমিকার জন্য। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়ন পর্যায়ে নিয়মিত পরিদর্শন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তার নেতৃত্বে প্রশাসনের কর্মকাণ্ডে এসেছে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

মাসিক আইনশৃঙ্খলা সভায় মৌসুমী আক্তার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন—যেকোনো পরিস্থিতিতে জনজীবনে যেন স্বাভাবিক গতি বজায় রাখতে হবে এবং অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি নারী ও শিশু নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেছেন। মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

মৌসুমী আক্তার বলেন, সবকটি ইউনিয়নকে নিয়ে নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী মেঘনা গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আপস করার সুযোগ নেই।”

 

মেঘনার লুটেরচর এলাকার বাসিন্দা মিজানুর রহমান ও পুরান বাটেরার মুজিবুর রহমান বলেন “এখন এলাকায় নিরাপত্তা অনেক ভালো। রাস্তা-ঘাটের কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে। ইউএনও ম্যাডাম সরাসরি মাঠে গিয়ে কাজ করছেন—এটা আমাদের জন্য খুবই ইতিবাচক।”

 

সচেতন মহলের মতে, দুই নারী ইউএনওর পেশাদারিত্ব, সততা, দৃঢ়তা এবং জনগণমুখী প্রশাসনিক দৃষ্টিভঙ্গিই এই সাফল্যের মূল চাবিকাঠি। তারা মনে করছেন, প্রশাসনের এমন কার্যকর ও মানবিক নেতৃত্ব অব্যাহত থাকলে দাউদকান্দি ও মেঘনা উপজেলা শুধু আইনশৃঙ্খলায় নয়, সামগ্রিক উন্নয়নেও দেশের অন্যান্য অঞ্চলের জন্য উদাহরণ হয়ে উঠতে পারে।

স্থানীয়রা আরও বলছেন, মাঠমুখী প্রশাসন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান—এই তিনটি বিষয় যদি ধারাবাহিকভাবে বজায় থাকে, তবে এ অঞ্চলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় থাকবে।

 

বিএনপির এই নতুন সরকারের অধীনে কুমিল্লা -১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের জনকল্যাণমুখী সকল নির্দেশ ও উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে করিতকর্মা হয়ে দুই উপজেলায় কাজ করছেন এই দুই নারী ইউএনও। এছাড়াও বিভিন্ন পণ্যদ্রব্যে ভেজাল নিয়ন্ত্রণে, মাদক নিয়ন্ত্রণে, নামে বেনামে গড়ে ওঠা অপচিকিৎসারোধে বিভিন্ন প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা, অবৈধ ড্রেজার, বালুমহাল, সরকারি জায়গা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অনিয়মের খবরে ছুটে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জনবান্ধব হয়ে কাজ করছেন।

 

সব মিলিয়ে বলা যায়, দাউদকান্দি ও মেঘনায় দুই নারী ইউএনওর নেতৃত্বে যে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, বরং এটি একটি সুসংগঠিত, নিরাপদ ও উন্নয়নমুখী প্রশাসনিক ব্যবস্থার প্রতিফলন—যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক ইঙ্গিত বহন করছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT